নীলফামারীতে ৩ জানুয়ারী জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা,ঋণের চেক এবং সেরা কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক। এটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ সরকার। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম বক্তব্য দেন। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা এতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৩ জন কর্মকর্তা ও ৩ জন ইউনিয়ন সমাজকর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক জানান,সম্মাননা প্রাপ্তদের মধ্যে শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, নীলফামারী হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নুরুন্নাহার নুরী,জলঢাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান,নীলফামারী শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজকর্মী কাওছার বেগ, কিশোরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আরিফুর রহমান ও ডোমার উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী জান্নাতুল ফেরদৌস বিন্তি রয়েছেন।