সর্বস্তরের ভোটার ও শোভাকাঙ্খীদের আর্থিক সহায়তার টাকায় নির্বাচন করতে চান বরিশাল-৩ এবং বরিশাল-৫ আসনের দুইজন সংসদ সদস্য পদপ্রার্থী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্ধীতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন। অপরদিকে বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর) আসন থেকে প্রতিদ্বন্ধীতা করা বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী মাটির ব্যাংক এবং বিভিন্ন মাধ্যমে সর্বস্তরের ভোটার ও শোভাকাঙ্খীদের কাছে নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চেয়েছেন। বরিশাল-৫ আসনের মই প্রতীকের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন-কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক জনগণের অধিকার আদায়ের হাতিয়ার। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম বেগবান করতে আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের সমর্থন ও ভোট প্রত্যাশী। নির্বাচনের বিপুল ব্যয় নির্বাহে আমরা আপনাদের সহযোগিতা চাই। এজন্য (সহযোগিতা করতে) বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্ট নম্বরও দিয়েছেন প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী।অপরদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে তিনি সকলের আর্থিক সহযোগিতা চেয়েছেন। গত ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ আবেদন করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা। তিনি আরও লিখেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদীর লড়াইটা চালিয়ে যাই। এরপর তিনি লিখেছেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায্য করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান।