কাতারে সড়ক দুর্ঘটনায় সজিব সিকদার (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। সজিব সিকদার বরিশালের মুলাদী উপজেলার পৌরসভা চরডিক্রী গ্রামের মৃত আব্দুর রহিম সিকদারের ছেলে। তিনি প্রায় ৬বছর আগে জীবিকার তাগিদে কাতার পাড়ি জমান। সজিব সিকদারের মামা কামাল হোসেন অপু মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। অপু মোল্লা জানান, দুই ভাই ও ১ বোনের মধ্যে সজিব সিকদার সবার বড়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে কাতারে চাকুরি নেন সজিব। পরে তিনি চাকুরি ছেড়ে ব্যবসা শুরু করেন এবং প্রায় দেড় বছর আগে তার ছোট ভাই বেল্লাল সিকদারকে কাতার নিয়ে চাকুরি দেন। মাস খানেক আগে সজিব নিজেই একটি গাড়ী (প্রাইভেট কার) কিনেছেন। শুক্রবার গাড়ী চালিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অপু মোল্লা আরও বলেন, কাতারে একটি হাসপাতালের হিমঘরে সজিবের লাশ রাখা হয়েছে। লাশ দেশে আনার জন্য পারিবারিকভাবে প্রস্তুতি চলছে। এক সপ্তাহের মধ্যে লাশ দেশে পৌছার সম্ভবনা রয়েছে। এদিকে সজিব সিকদারের মৃত্যুর সংবাদে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা।