মহেশপুরে হিমালয়ান শকুন উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:২২ পিএম
মহেশপুরে হিমালয়ান শকুন উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে বিরল প্রজাতীর একটি হিমালয়ান শকুন (হিমালয়ান গ্রিফল ভালচার) উদ্ধার হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলার নাটিমা গ্রামে অসুস্থ অবস্থায় শকুনটিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান মিলন মাঠের মধ্যে পড়ে থাকা বিশাল আকৃতির পাখিটিকে দেখতে পেয়ে বাড়িতে আনেন। প্রথমে কেউ বিপন্ন প্রায় পাখিটিকে শনাক্ত করতে পারেননি।খবর পেয়ে প্রকৃতিপ্রেমি ও বন্যপ্রানী সংরক্ষণকর্মী নাজমুল হোসেন ওই বাড়িতে গিয়ে পাখিটিকে হিমালয়ান শকুন হিসেবে শনাক্ত করেন। এরপর তিনি মহেশপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামকে বিষয়টি জানান। পরে রাত ১০টার দিকে শকুনটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। পরদিন বুধবার সকালে উপজেলা প্রমাসনকে অবহিত করা হলে মহেশপুর প্রানী সম্পদ অধিদপ্তরে শকুনটির চিকিৎসা শুরু হয়। একই সঙ্গে খুলনার বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শকুনটির চিকিৎসা চলছে। দুই দিনের মধ্যে সুস্থ হলে এটিকে মহেশপুরে প্রাকৃতিক পরিবেশেই মুক্ত করে দেওয়া হবে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে খুলনায় পাঠানো হবে।বন্যপ্রানী সংরক্ষণ কর্মী নাজমুল হোসেন বলেন, ডিসেম্বর ও জানুয়ারিতে হিমালয় অঞ্চলে তীব্র শীত থেকে রক্ষা পেতে এসব শকুন দূরবর্তী এলাকায় চলে যায়। ধারণা করা হচ্ছে, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে খাবারের সংকটে পড়ে পাখিটি অসুস্থ হয়ে পড়েছে।তিনি আরও জানান, বর্তমানে শকুনটিকে নিয়মিত মাংস খাওয়ানো হচ্ছে এবং সর্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বন বিভাগ ও প্রানি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া শকুনটির মেলে দেওয়া ডানা প্রায় আট ফুট। সাধারণত এই প্রজাতির শকুনের ডানার বিস্তার আট থেকে নয় ফুট পর্যন্ত হয়ে থাকে। হিমালয়ান শকুন বিলুপ্ত প্রায় পাখি।

আপনার জেলার সংবাদ পড়তে