চাঁদপুর-২ (মতলব উত্তর - মতলব দক্ষিণ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি-২০২৬) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন ছাতা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. এমরান হোসেন মিয়া পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মানছুর আহমেদ সাকি পেয়েছেন হাতপাখা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল পেয়েছেন হাতি, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী গোলাফ হোসেন পেয়েছেন ট্রাক, নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী এনামুল হক পেয়েছেন কেটলি ও লেবার পার্টির মনোনীত প্রার্থী নাসিমা আক্তার পেয়েছেন আনারস প্রতীক। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে শুরুতে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং প্রাথমিকভাবে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল। একজন যাচাই-বাছাইয়ের আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরবর্তীতে আপিল প্রক্রিয়ায় ৫ জন প্রার্থীর মনোনয়ন ফেরত আসে। মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়। বৈধ ১০ জনের মধ্যে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।