সীমান্তে ১৮ বস্তা রসুনসহ আটক ২

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) :
| আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:২১ পিএম | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:২১ পিএম
সীমান্তে ১৮ বস্তা রসুনসহ আটক ২

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা জোন ২৭ বিজিবির অভিযানে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৮ বস্তা বাংলাদেশী রসুনসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জোন কমান্ডারের নির্দেশে দুপুরে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কচুছড়ি-মাঝিপাড়া সীমান্ত সড়ক এর ১৬ কিলো নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৮ বস্তা বাংলাদেশী রসুনসহ ০২ জন পাচারকারী আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা এলাকার রাজকুমার চাকমার ছেলে সঞ্চয় চাকমা (৪০) ও উগলছড়ি এলাকার মেঘনাথ চাকমার ছেলে চিরিঙ্গা চাকমা (৩৫)। একই সঙ্গে একটি চাঁদের গাড়ী জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গাড়ীর বাজার মূল্য ১১ লাখ ৩৬ হাজার ৮শ টাকা। মারিশ্যা ২৭ বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। পাহাড়ি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে আটককৃত মালামাল ও চাঁদের গাড়ীসহ আসামীদের বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে জানিয়েছে বিজিবি।

আপনার জেলার সংবাদ পড়তে