নীলফামারীতে বিএনপির নির্বাচনী জনসভার কর্মসূচি ঘোষণা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০১:১২ পিএম
নীলফামারীতে বিএনপির নির্বাচনী জনসভার কর্মসূচি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ (সদর) আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের খালাত ভাই ও জিয়া পরিবারের সদস্য প্রকৌশলী মো. শাহরীন ইসলাম চৌধুরী তুহিনের সমর্থনে আগামী ২৫ জানুয়ারি থেকে টানা ১৬ দিনব্যাপী নির্বাচনী জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২১ জানুয়ারি নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে এ কর্মসূচির কথা জানানো হয়। একই সঙ্গে ঘোষিত সময়সূচি নীলফামারী সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রতিদিন বিকাল ৩টা থেকে জনসভা শুরু হবে। এর মধ্যে ২৫ জানুয়ারি রবিবার টুপামারী, ২৬ জানুয়ারি সোমবার সংগলশী, ২৭ জানুয়ারি মঙ্গলবার লক্ষ্ণীচাপ, ২৮ জানুয়ারি বুধবার চাপড়া সরমজানী, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার পলাশবাড়ী, ৩০ জানুয়ারি শুক্রবার চড়াইখোলা, ৩১ জানুয়ারি শনিবার খোকশাবাড়ী এবং ১ ফেব্রুয়ারি রবিবার পঞ্চপুকুরে জনসভা অনুষ্ঠিত হবে। পরবর্তী ধারাবাহিকতায় সোনারায়, কচুকাটা, চওড়া বড়গাছা, গোড়গ্রাম, রামনগর, কুন্দপুকুর ও ইটাখোলা এলাকায় জনসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সর্বশেষ জনসভাটি আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ২টায় নীলফামারী পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে দলটি। জেলা বিএনপি নেতারা জানান, নির্বাচনী মাঠে জনসমর্থন জোরদার করতে এসব জনসভার মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা তুলে ধরা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে