সায়েন্সল্যাবে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০২:২২ পিএম
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে দেড় ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় এবং ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু করে।

সংঘর্ষের সময় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেয়। বেলা সোয়া একটার পর সড়কে যান চলাচল ধীরে ধীরে শুরু হয়।

নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. শওকত আলী প্রথম আলোকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।” তিনি আরও জানান, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

তবে একাধিক সূত্র জানিয়েছে, বুধবার (২১ জানুয়ারি) কলেজ ছুটির পর ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করেন। এতে ওই শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। বৃহস্পতিবার মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে এলে বিষয়টি জানাজানি হলে তার সহপাঠীরা উত্তেজিত হয়ে ওঠেন। এরপরই সংঘর্ষের সূত্রপাত হয়।

সায়েন্সল্যাব এলাকা দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী সংঘর্ষের জন্য পরিচিত। ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে, যার জেরে সৃষ্টি হয় তীব্র যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছর ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় শিক্ষার্থীদের মধ্যে একটি মৌখিক শান্তিচুক্তি হয়েছিল। তবে সেই চুক্তির এক মাসের মধ্যেই আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা।

আপনার জেলার সংবাদ পড়তে