গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াই শুরু হয়েছে, বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৯ পিএম
গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াই শুরু হয়েছে, বললেন মির্জা ফখরুল

তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিএনপি। সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের সক্রিয় সহযোগিতা চায় বিএনপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌণে বারোটার দিকে জনসভায় বক্তব্য শুরু করেন মির্জা ফখরুল। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে চায় দল। তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের বিরুদ্ধে চলমান অপপ্রচারের কথাও তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এবং তারেক রহমানকে নিয়েও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, “যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনি, তারাই আজ আমাদের বিরুদ্ধে কথা বলছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বেলা একটার দিকে দেওয়া আরেক বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল, যারা অতীতের দিকে নয়, সামনে এগিয়ে যেতে বিশ্বাস করে। তিনি বলেন, “তারেক রহমান যেভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় তাঁকে প্রধানমন্ত্রী করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করব।”

সিলেটের ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সিলেটেই জন্ম নিয়েছেন এম এ জি ওসমানীর মতো মহান মুক্তিযোদ্ধা, উন্নয়নের রাজনীতির পথিকৃৎ সাইফুর রহমান এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুম হওয়া ইলিয়াস আলী। তার ভাষায়, দীর্ঘ পনেরো বছর ধরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য নির্যাতন সহ্য করেছে, গুম হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, তবু মাথা নত করেনি।

জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সিলেট জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে