পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এ ইউনিট গত ১ ডিসেম্বর ধরে বন্ধ থাকায় এ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ১৩২০ মেগাওয়াটের স্থলে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো জানান, বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য গত ১ ডিসেম্বর বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ইউনিট-১ বন্ধ রয়েছে। বর্তমানে বাংলাদেশ ও চায়নার প্রকৌশলীরা নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ রক্ষণাবেক্ষণের কাজ চলতে পারে। এরপর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের অপারেশন ও মেইনটিনেন্স টিম এ কাজ তদারকি করছেন। এদিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও কলাপাড়ায় নির্মিত অপর বিদ্যুৎ কেন্দ্র আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। এ কারনে কলাপাড়ার দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। যদিও কলাপাড়ার দুটি বিদ্যুৎ কেন্দ্রে ২৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।