গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশীকালে মোটরসাইকেলের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত অানুমানিক ১,৯৫,০০০/- (এক লক্ষ পচানব্বই হাজার) টাকা মূল্যমানের ৬৫ (পয়ষট্টি) বোতল ফেয়ারডিল (ফেনসিডিল জাতীয় মাদক) সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আতিয়ার রহমান (৪৫), পিতা- মৃত আনছার আলী বিশ্বাস, সাং- মদনা, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় মাদক বহনের একটি লাল কালো রঙের হিরো গ্ল্যামার ১২৫ সিসি ব্যবহৃত পুরাতন রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলটিও জব্দ করে র্যাব-১০। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেয়ারডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনের ০৩ টি মামলাসহ মোট ০৪ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।