যশোরের মণিরামপুর প্রচারের প্রথম দিন আচরনবিধি লঙ্ঘনের দায়ে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই প্রার্থীর কাছ থেকে দুই লাখ ৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার যশোর-৫ মণিরামপুর আসনে জামায়াতের ইসলামী বাংলাদেশের মনোনীত অ্যাডভোকেট গাজী এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের পক্ষে গণমিছিল বের হয়। এ সময় দুই প্রার্থীর গণমিছিলের কারনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূর দুরান্তের যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। গণমিছিল চলাকালিন সময় শেষের দিকে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস। জানাযায়, গেলো বুধবার ছিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের দিন ছিলো। বৃহস্পতিবার প্রচার-প্রচারনার প্রথম দিন বিকেল সাড়ে তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের কলস মার্কার পক্ষে পৌরশহরে গণমিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। এ সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কে (পৌরশহর) তীব্র যানজটের সৃষ্টি হয়। এই মিছিল শেষ হলেই জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের পক্ষে দাড়িপাল্লা মার্কার গণমিছিল বের হয়। এই মিছিলেও অসংখ্য নেতাকর্মী অংশ নেয়। এতে মহাসড়কে যানজট আরও তীব্র হয়। এক পর্যায় আচরনবিধি লঙ্ঘনের দায়ে মণিরামপুরের এ্যাসিল্যান্ড মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের কলস প্রতীকের প্রতিনিধি নিস্তার ফারুকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অপর দিকে একই অভিযোগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের দাড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। মণিরামপুরের এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, আচরনবিধি লঙ্ঘনের দায়ে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।