নির্বাচনে নিরাপত্তায় দৌলতখানে নৌবাহিনী ও পুলিশের টহল

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৬ পিএম
নির্বাচনে নিরাপত্তায় দৌলতখানে নৌবাহিনী ও পুলিশের টহল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু   নিরপেক্ষ ও নির্বিঘ্ন ভোটের আয়োজন করতে সাধারণ মানুষের নিরাপত্তায়  এবং গণসচেতনতায় বাংলাদেশ নৌবাহিনী ও দৌলতখান থানা পুলিশের যৌথ টহল পরিচালনা শুরু করা হয়েছে। বৃহস্পতিবার থেকে  আসন্ন নির্বাচনকে সামনে রেখে দৌলতখানে  যৌথ বাহিনীর নিয়মিত পেট্রোল টহল শুরু করা হয়।  নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে। দৌলতখান পৌর শহরের  প্রধান সড়ক ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।  নৌবাহিনীর সদস্যরা নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইন মেনে চলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ জনগণকে সচেতন করেন। নৌবাহিনী সূত্রে সাংবাদিকদের জানানো হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এই টহল কার্যক্রমের মূল লক্ষ্য। টহল চলাকালে প্রধান সড়কে যানজট ও ফুটপাতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করায় বাজার এলাকার ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে চলাচল ও পার্কিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়। কেউ আইনশৃঙ্ঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নৌ কন্টিনজেন্টের  পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে