চাতালের সামনে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০১:২৩ পিএম
চাতালের সামনে পড়েছিল ব্যবসায়ীর মরদেহ

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে রহস্যজনকভাবে মৃতবরন করা নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পরলে বিষয়টি নজরে আসে মৃত নাসির উদ্দিনের স্বজনদের। তাৎক্ষনিক তারা গৌরনদী উপজেলা হাসপাতালে আসেন। মৃত নাসির উদ্দিন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ কাশিপুরের শাহপরান সড়কের বশির উদ্দিন হাওলাদারের ছেলে। সে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মৃত নাসির উদ্দিনের স্বজনরা জানিয়েছেন-বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সে (নাসির) বাসা থেকে বের হয়। তবে কি কারনে নাসির উদ্দিন গৌরনদীতে এসেছিলো তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুনীম জানিয়েছেন-হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মারা গেছেন। পরবর্তীতে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-মৃতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে