শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে

তানোরে শিবিরের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:১৪ পিএম
তানোরে শিবিরের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির রাজশাহীর তানোর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হলের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে তানোর সদরের গোল্লাপাড়া বাজার ঘুরে থানা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক ও সাবেক থানা সভাপতি আতোয়ার রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন ছাত্রশিবিরের জেলা পশ্চিমের সভাপতি রেজওয়ান ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের জেলা পশ্চিমের সেক্রেটারী আব্দুল মোমিন সহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ান ইসলাম বলেন, সামনে জাতীয় নির্বাচন। লজ্জাজনক পরাজয় এড়াতেই একটি দল ও তাঁর ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না। সভাপতির বক্তব্যে আতোয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবির মাঠে নেমেছে এবং শাকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির তানোর উপজেলার বিভিন্ন স্তরের নেতাসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে