কুড়িগ্রামের রাজারহাটে গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২জানুয়ারী) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। সমাবেশে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশ নেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে ভোটারদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষক সমাজ। কৃষকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন সিদ্ধান্তই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া, ভোট প্রদানের নিয়মাবলি এবং গণভোটের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।