বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও দশ দলীয় জোটের প্রার্থী মোঃ মশিউর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় মোল্লাহাট উপজেলার কোদালিয়া বাজার মাদ্রাসার সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দশ দলীয় জোটের প্রার্থী দাড়িপাল্লা প্রতীকের মোঃ মশিউর রহমান। তিনি বলেন, “দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণ যদি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়, তাহলে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করা হবে।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ হাসমত আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ বৈষম্য ও দুর্নীতির শিকার। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আল্লাহভীরু ও সৎ নেতৃত্বের প্রয়োজন, আর জামায়াতে ইসলামীর প্রার্থী সেই নেতৃত্ব দিতে সক্ষম।” তিনি উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্য। দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।” এছাড়া সভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।