নওগাঁর পত্নীতলায় শুক্রবার (২৩ জানুয়ারি ) বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে নজিপুর-মহাদেবপুর আঞ্চলিক সড়কের কাঁটাবাড়ি মোড়ে মোটর সাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে আব্দুল জব্বার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত জব্বার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পৈতা গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে। তবে তিনি পত্নীতলা উপজেলার নজিপুর সরদার পাড়ায় বসবাস করতেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত আব্দুল জব্বার নিজ গ্রাম থেকে নজিপুর ফেরার পথে কাঁটাবাড়ি- বিলছাড়া কাঁচা সড়ক থেকে মোটর সাইকেল নিয়ে আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং ট্রাক চালককে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযা বাদ এশা নজিপুর দারুল উলুম কাওমীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।