সারা দেশে আগামী ৫ দিন কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রবিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের সামান্য কমতে পারে। পরদিন বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।