আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুর-১ (শিবচর) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে এখন গ্রামগঞ্জে বইছে ভোটের হাওয়া। উঠান বৈঠক, পথসভা, বাজারসংযোগ ও ঘরে ঘরে ভোট প্রার্থনার মধ্য দিয়ে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এই আসনের আলোচনার শীর্ষে রয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী-ফুটবল প্রতীকের সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু) এবং জাহাজ প্রতীকের কামাল জামান নুরউদ্দিন মোল্লা। দুজনই ব্যাপক গণসংযোগ ও টানা প্রচারণার মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু) দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ভোটের মাঠে নামার পর থেকেই তিনি প্রতিদিনই গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছেন। ফুটবল প্রতীক নিয়ে তরুণ ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের সমর্থন চাইছেন। স্থানীয়রা বলছেন, তার সরল উপস্থিতি ও ঘনিষ্ঠ যোগাযোগ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অন্যদিকে, জাহাজ প্রতীকের প্রার্থী কামাল জামান নুরউদ্দিন মোল্লাও পিছিয়ে নেই। তিনি নিয়মিতভাবে গ্রামেগঞ্জে পথসভা, মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে নিজেকে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন। বিশেষ করে বয়স্ক ও মধ্যবয়সী ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে দলীয় প্রার্থীরাও মাঠে সরব। বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীক নিয়ে সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু লাঙ্গল প্রতীক নিয়ে নিয়মিত মাঠে রয়েছেন। ইসলামিক আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আকরাম হোসাইন হাতপাখা প্রতীক নিয়ে ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে প্রচারণা জোরদার করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমরান হাসান (হরিণ), বাংলাদেশ লেবার পার্টির মোঃ হাফিজুর রহমান (আনারস), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল আলী (কাস্তে), গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা (ট্রাক) এবং দশ দলীয় জোটের প্রার্থী সাইদউদ্দিন আহম্মদ হানজালা (রিকশা) নিজ নিজ অবস্থান থেকে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে প্রার্থীদের ব্যস্ততা আরও বেড়েছে। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরছেন তারা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মাদারীপুর-১ আসনে বাড়ছে কৌতূহল ও উত্তেজনা। শেষ পর্যন্ত ভোটারদের আস্থায় কে জায়গা করে নেবেন-সেই অপেক্ষায় এখন পুরো শিবচরবাসী।