দীর্ঘ দুই দশক পর শনিবার রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বড় জনসভা।
দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে শনিবার রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বরণে বন্দরনগরীতে চলছে বিএনপির কর্মীদের ব্যাপক প্রস্তুতি। রোববার পলোগ্রাউন্ড মাঠে হবে জনসভা। স্থানীয় নেতাদের দাবি, জনসমুদ্রে রূপ নেবে সমাবেশ।
নেতাকর্মীরা জানান, পলোগ্রাউন্ডে হবে জনসভা, চলছে তারই প্রস্তুতি। মাঠের দক্ষিণ প্রান্তে তৈরি হচ্ছে ১০০ ফুট দৈর্ঘ্যরে মঞ্চ। নেতাকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার আর ফেস্টুনে ঢেকে গেছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়।
প্রস্তুতি তদারকিতে থাকা নেতারা বলছেন, নেতাকে বরণে বহু বছর অপেক্ষা করতে হয়েছে। এবার মুক্ত পরিবেশে সেই সুযোগ মিলেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, ‘চট্টগ্রামে তারেক রহমানের আসার বিষয়টা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। আমরা সেদিকেই যাচ্ছে। সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।’