গণতন্ত্র পুনরুদ্ধারের কার্যকরী পথ হচ্ছে ‘হ্যাঁ ভোট’: ফুয়াদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:২৬ পিএম | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:২৬ পিএম
গণতন্ত্র পুনরুদ্ধারের কার্যকরী পথ হচ্ছে ‘হ্যাঁ ভোট’: ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের ঈগল মার্কার প্রার্থী এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি ) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভুঁইয়া বিভিন্ন জনপদের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও বৈষম্যের চিত্র তুলে ধরেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে গণসংযোগের পূর্বে সংক্ষিপ্ত পথসভায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশের গ্রামাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠী যুগের পর যুগ ন্যায্য অধিকার ও মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। ২০২৪ পরবর্তী রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের পর বাংলাদেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন আর মুখের রাজনীতি নয়, দরকার কার্যকর সংস্কার, জনগণের সরাসরি অংশগ্রহণ এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র রক্ষায় ‘হ্যাঁ ভোট’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে হ্যাঁ ভোটের সংস্কৃতি বাস্তবায়ন করতে হবে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটি কার্যকর পথ। জনগণ যদি সচেতনভাবে হ্যাঁ ভোট দেয়, তাহলে রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবেই। তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সৎ, যোগ্য ও জনদরদী নেতৃত্ব প্রতিষ্ঠাই একমাত্র সমাধান। গণসংযোগে ১০ দলীয় জোট ও আমার বাংলাদেশ পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে