চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নিষ্ঠার ওপরই নির্বাচনের সার্থকতা নির্ভর করে। সকলকে নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মতলব সরকারি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি উক্ত কথাগুলো বলেন। ২ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার। পরে উপজেলা নির্বাচন অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে.এম ইশমাম। কর্মশালায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক, উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন মতলব সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ইবতেশাম। প্রশিক্ষণে চাঁদপুর-২ আসনে মতলব দক্ষিণ উপজেলার ৫৭ টি কেন্দ্রের জন্য নিয়োগকৃত ৬০জন প্রিজাইডিং, ৪শ ২জন সহকারী প্রিজাইডিং ও ৮শ ৪জন পোলিং অফিসারগন এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।