মহেশপুরে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ পিএম
মহেশপুরে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ

ঝিনাইদহের মহেশপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা এবং প্রত্যাশা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে জেলা প্রশাসন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা এবং প্রত্যাশা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপে মহেশপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং তরুণদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গণ সংলাপে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতা প্রাণ দিয়েছেন। আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। এত মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। আসন্ন গণভোটে সংস্কারের পক্ষে থাকলে 'হ্যাঁ' ভোট দিতে হবে।  সাম্য, মানবিক বাংলাদেশ ও আইনের ভিত্তিতে সমতাভিত্তিক সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হলে গণভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের চেতনা তবেই বাস্তবায়ন হবে। শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, গণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে ভোট দিতে কাউকে চাপ প্রয়োগ করা যাবে না। জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলোর কথা স্মরণ রেখে নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে 'হ্যাঁ' এর পক্ষে জনমত তৈরি করতে হবে। গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হলে দেশে সংস্কার বাস্তবায়ন হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্খা পূরণ হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা গণভোট ও জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব, করণীয় ও নির্দেশনা বিষয়ে প্রশ্ন করেন। 


আপনার জেলার সংবাদ পড়তে