অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুরে নারী- পুরুষ ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৭ জন নারী ও ৬ শিশুটি রয়েছে। শুক্রবার সন্ধায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিত্বে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিত্বে বলা হয়, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালনো হয়। এ সময় অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাংঙ্গা বিজিবি সীমান্ত এলাকা থেকে ৭ জন, কুমিল্লপাড়া বিজিবি সীমান্ত এলাকা থেকে ৯ জন ও খোসালপুর বিজিবি সীমান্ত এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা ঝিনাইদহ,মাদারীপুর,গোপালগঞ্জ ও খুলনা জেলার বাসিন্দা। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।