বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিউচার ড্রিম স্কুল এন্ড কলেজ শিক্ষাবৃত্তি ২০২৫ সম্পন্ন হয়েছে। মার্স (গঅঅজঝ) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সদর উপজেলার পরিষদ হল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ। মার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাইমিনুল ইসলাম আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, তাড়াইলের ইউপিইটিসি ইনস্ট্রাকটর শাহীনা বেগম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ, কে, এম নাদিরুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার, এফ, এম, নূর-উজ-জামান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার এন এম বদরুজ্জামান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০ জনকে বৃত্তি দেয়া হয়েছে । পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট এবং এককালীন নগদ অর্থ। আয়োজকরা জানিয়েছেন, আমাদের ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিক্ষা কল্যাণে কাজ করা এবং সেই লক্ষ্যে সাধারণ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গ্রিন হাউজ ইফেক্ট কমাতে সামাজিক বনায়ন উদ্বুদ্ধ করন, নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলা,আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার তৈরি, নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরি। অনুষ্ঠানে প্রতিষ্ঠান ও সংগঠনের দায়িত্বশীলগণ,শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।