ভূঞাপুরে ভুট্টার বাম্পার ফলনের আশা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:৪১ এএম
ভূঞাপুরে ভুট্টার বাম্পার ফলনের আশা

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভুট্টার বীজ ও সার বিতরণ এবং অনুকূল আবহাওয়ার কারণে চলতি রবি মৌসুমে ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। যমুনা নদীর চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় হাইব্রিড জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকদের মধ্যে ব্যাপক আশাবাদ দেখা দিয়েছে। সরকারি প্রণোদনা ছাড়া ব্যাক্তি উদ্যোগেও ব্যাপক আবাদ হয়ে এ উপজেলায়। উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর এলাকাসহ বিশেষ করে যমুনা চরাঞ্চলজুড়ে এখন ভুট্টার উঠতি চারার সবুজে ভরে উঠেছে মাঠ। ভালো ফলনের আশায় কৃষকরা জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ভূঞাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ভুট্টা আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৫০ হেক্টর। তবে বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভুট্টার আবাদ হয়েছে।  কৃষকরা জানান, গত বছর ভুট্টার বাজারমূল্য ভালো থাকায় তারা লাভবান হয়েছেন। এ কারণে সরকারি প্রণোদনার বাইরে গিয়েও অনেক কৃষক এ মৌসুমে ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন। পাশাপাশি কৃষি বিভাগের নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় আবাদ ও ফলন আরও উন্নত হচ্ছে। চরাঞ্চলের কৃষকরা বলেন, অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম এবং লাভ বেশি। এক বিঘা জমিতে গড়ে ৪০ থেকে ৪৫ মণ ভুট্টা উৎপাদন হয়। বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে কৃষকরা ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। গো-খাদ্য ও পোল্ট্রি শিল্পে ভুট্টার চাহিদা থাকায় বাজার নিয়েও তারা আশাবাদী। যমুনা চরাঞ্চলের ভুট্টাচাষি করিম বলেন, “ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি। আশা করছি এর মাধ্যমে বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবো।” আরেক কৃষক আব্বাস বলেন, “এবছর পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ মণ ফলনের আশা করছি।” এ বিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, “সরকারি প্রণোদনা, কৃষকদের আগ্রহ ও অনুকূল আবহাওয়ার কারণে এবার ভুট্টার আবাদ ও ফলন উভয়ই সন্তোষজনক হবে বলে আমরা আশাবাদী।”

আপনার জেলার সংবাদ পড়তে