নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের পক্ষে সৈয়দপুর শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এ সময় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গণমিছিল উপলক্ষে সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়ন ও পৌরসভার ১৫ টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে মাঠে সমবেত হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ধানের শীষকে বিজয়ী করতে নেতা কর্মী সমর্থকদের সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানান।