মির্জাগঞ্জে কৃষক দুলাল মল্লিক হত্যার আসামি গ্রেপ্তার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:৪৩ পিএম
মির্জাগঞ্জে কৃষক দুলাল মল্লিক হত্যার আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জের মকুমা গ্রামে আলোচিত কৃষক দুলাল মল্লিক (৬০) হত্যা মামলার প্রধান আসামি মোঃ মহারাজ খান (৪৭)কে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ মহারাজ খান কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত. মোতাহার খানের পূত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা ও অভিযান পরিচালনাকারী এসআই মোঃ কাওসার আহমেদ জানান, আটক মহারাজ খান পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি (মহারাজ খান) দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে একটি খোলা মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মকুমা গ্রামের বাসিন্দা মহারাজ খানের পালিত হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢ়ুকে পাকা ধান নষ্ট করছিল। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে দুলাল মল্লিকের সঙ্গে মহারাজ খানের পরিবারের সদস্যদের বাগবিতন্ডার এক পর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) সংঘবদ্ধ হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালায়। এ সময় মহারাজ খানের মেয়ে সাদিয়া আক্তার ধান কাটার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেও দুলাল মল্লিকের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি (কৃষক দুলাল মল্লিক) মৃত্যুবরন করেন। এ ঘটনায় নিহত দুলাল মল্লিকের ছেলে শাওন মল্লিক বাদী হয়ে মহারাজ খানকে প্রধান আসামীসহ ৪জনকে আসামী করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৬ তারিখ- ১৬/১/২০২৬ইং। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ ছালাম বলেন, আটক মহারাজ খানকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে