সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে মামলা দায়ের হয়েছে।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মানহানির মামলাটি দায়ের করেছেন আব্দুল আলিম নামের একজন আইনজীবী। মামলা নাম্বার সিআর ৭১/২৬। রোববার দুপুর দেড়টার দিকে তিনি মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মখলেসুর রহমান পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মামলার বাদী ও আইনজীবী আব্দুল আলিম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি লক্ষ্য করেছি আমির হামজা নামের এক বিতর্কিত ব্যক্তি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।যা জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন করেছে। এতে বিএনপিসহ আমাদের সকলের মানহানি হয়েছে। যে কারণে আমরা প্রতিকার চেয়ে একটি মানহানির মামলা দায়ের করেছি। তিনি জানান, বাংলাদেশ দন্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি করা হয়েছে। বলেন,আমরা চাই আইনগতভাবেই আমির হামজার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।