আদালতের আদেশ মানেননি সিইসি, হাইকোর্টে অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৬ পিএম
আদালতের আদেশ মানেননি সিইসি, হাইকোর্টে অবমাননার রুল

একটি রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তি না করায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের আদেশ অমান্য করায় কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে এই রুল দেওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

শুনানিতে ইউনুছ আলী আকন্দ আদালতকে জানান, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। ওই আবেদনের বিষয়ে গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আদালতের সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়নি।

তিনি আরও বলেন, আদালতের আদেশ কার্যকর না হওয়ায় বাধ্য হয়ে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, কেন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকছে।

নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির ঘটনায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালতের নির্দেশ বাস্তবায়নে গাফিলতির বিষয়টি স্পষ্ট হলে বিষয়টি কমিশনের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে