বৈষম্যবিরোধী জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউছার আহমেদ (৪৫) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী । শনিবার দিবাগত রাত সাড় তিনটায় নাসিরনগর সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নাসিরনগর আর্মি ক্যাম্প। সূত্র জানায়, কাউসার আহমেদ দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে নাসিরনগর থানার পেছনে ঘোষপাড়ায় হাজী মো. আলীর বাসায় আত্মগোপনে ছিলেন। সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন।এ অভিযানে রাত ৩টা ৩০ মিনিটে আসামি কাউসার আহমেদকে আটক করা হয়। এ সময় তিনি বাসার পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। অভিযানকালে আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি সিসিটিভি ক্যামেরা এবং একটি সিসিটিভি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কাউছার আহমেদ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল হকের ছেলে । গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে।