চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৯ পিএম
চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের জন্য শেষ দিন হবে। রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বাড্ডার সাতারকুলে নির্বাচনী প্রচারণার সময় তিনি ভোটারদের সতর্ক করে বলেন, কোনো প্রলোভন বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না।

নাহিদ ইসলাম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড এখনও নেই। একটি পক্ষ আমাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে এতে তারা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি।” তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, যিনি সত্যিকার অর্থেই আপনার এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।”

প্রচারণার সময় তিনি এলাকার সমস্যা ও সংকট তুলে ধরে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। ভোটাররাও ইতিমধ্যেই বেশ সাড়া দিচ্ছেন।” এছাড়া, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যাকেই ভোট দিন বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।”

নাহিদ ইসলামের সঙ্গে নির্বাচনী প্রচারণায় এনসিপি ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শাপলা কলিতে ভোট দেয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ারও আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে