মুন্সীগঞ্জ-৩ আসনে ত্রিমুখী লড়াই

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৯ পিএম
মুন্সীগঞ্জ-৩ আসনে ত্রিমুখী লড়াই

আসন্ন জাতীয় নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটের মাঠে তৈরি হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও দলটির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে মাঠে থাকায় বিএনপির ভোটব্যাংকে বিভাজনের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জামায়াত সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূর হোসাইন নুরানী রিকশা প্রতীক নিয়ে নীরবে শক্ত অবস্থান তৈরি করছেন বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। তাঁদের মতে, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব যদি শেষ পর্যন্ত মীমাংসা না হয়, তবে তার সুফল পেতে পারেন জামায়াত সমর্থিত এই প্রার্থী। এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত দিনের সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড এবং কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে তরুণ ও ভাসমান ভোটারদের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেলভিত্তিক ক্যাডার রাজনীতি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি আর আগের মতো গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলে মন্তব্য করছেন অনেকেই। একজন তরুণ ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা পরিবর্তন চাই। জোর করে প্রভাব বিস্তার বা ভয় দেখিয়ে রাজনীতি এখন মানুষ পছন্দ করে না।” রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে তরুণ ভোটার ও ভাসমান ভোটাররাই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন। ফলে দলীয় কোন্দল ও নেতিবাচক ইমেজ যেকোনো প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনে শেষ পর্যন্ত কার ভাগ্যে বিজয় আসে, তা নির্ভর করবে ভোটের আগের কয়েক দিনের রাজনৈতিক সমীকরণ ও ভোটারদের মনোভাবের ওপর।

আপনার জেলার সংবাদ পড়তে