রামগতিতে গণভোটে প্রশাসনের প্রচারণা

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০২:১৫ পিএম
রামগতিতে গণভোটে প্রশাসনের প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটকে সামনে রেখে লক্ষ্ণীপুরের রামগতিতে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন। গণভোটের 'হ্যাঁ'/'না' ভোটের পক্ষে গুরুত্ব তুলে ধরে নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে। তবে 'হ্যাঁ' ভোটের পক্ষে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসনসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগগুলো। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রামগতি পৌরসভা ও উপজেলার সব ইউনিয়নে গণভোটের তারিখ, পদ্ধতি ও গুরুত্ব তুলে ধরে নিয়মিত মাইকিং করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড অটোরিকসা ও সিএনজি স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে টাঙানো হয়েছে সচেতনতামূলক ব্যানার, বিলবোর্ড ও পোস্টার এবং লিপলেট বিতরণ করা হয়েছে। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ড্রফডাউন ব্যানার টাঙ্গানো হেেয়ছে। এ ছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে প্রচারণায় ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে নতুন ভোটার ও তরুণদের গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে আলাদা গুরুত্ব দেয়া হচ্ছে। উপজেলা বিভিন্ন এলাকায় সরেজমিনে গেলে সাধারণ ভোটাররা বলেন, পোষ্টার, ব্যানার দেখেছি মাইকিংও শুনছি, কিন্তু কীভাবে ভোট দেব, কী বিষয় নিয়ে গণভোট এইটা পরিষ্কার করে কেউ বুঝায়নি। আমাদের মতো গ্রামের অনেকেই এখনও গণভোটের বিষয় ও পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছি না। বিশেষ করে গ্রামের নারী ভোটার হ্যাঁ-না ভোটের কিছুই জানে না। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, গণভোটকে ঘিরে গুজব রোধে প্রশাসন বিশেষ নজরদারি চালাচ্ছে। সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিলুফার ইয়াসমিন নিপা বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের মতামতের ভিত্তিতেই এই প্রক্রিয়ার সফলতা নির্ভর করে। এ কারণেই গণভোটকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সচেতনতারমূলক প্রচারণা চালানো হচ্ছে। গণভোটকে সফল করতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে