মুন্সীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান ফকির এবং গজারিয়া উপজেলার জেলা আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান ওরফে বালু মজিবুর। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই নেতা বিএনপির পদ-পদবি বহন করেও দল ও দলীয় প্রতীকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে আসছিলেন। বিশেষ করে জেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব ও পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে প্রকাশ্যে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দলের শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।