ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-মাদকচক্র আমাদের এলাকাকে মাদক ব্যবসার টার্গেটে পরিনত করেছে। ফলে আমাদের তরুণ প্রজন্ম ধ্বংসের পথে। মাদকচক্ররা রাজনীতি ও পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চায়। আমি নির্বাচিত হতে পারলে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকের মূলোৎপাটন করবো। সোমবার (২৬ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-বিগত সরকারের আমলে বাংলাদেশে মেগা প্রকল্পের নামে দুর্নীতির রাজত্ব তৈরি হয়েছিলো। গ্রামীণ সড়ক অবকাঠামোর বাজেটকে ট্রান্সফার করা হয়েছিলো মেগা প্রকল্পের দূর্নীতির জন্য। ফলে গ্রামীণ সড়ক যোগাযোগের কোন উন্নয়ন হয় নাই। ধানের শীষ মার্কাকে বিজয়ী করা হলে আমার প্রথম কাজ হবে গ্রামীণ সড়ক যোগাযোগের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করা। একইদিন বার্থী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন। প্রচারণাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, টরকী বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।