ইসলামভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ নেতৃত্ব প্রয়োজন: পীর চরমোনাই

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৯ পিএম | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৯ পিএম
ইসলামভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ নেতৃত্ব প্রয়োজন: পীর চরমোনাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুফতি আবু তালেব মোঃ সাইফুদ্দিনের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শ্রীবরদী সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম। প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শে বিশ্বাসী প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠানো অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শ্রীবরদী ও ঝিনাগাতী এলাকার জনগণের জন্য একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব সংসদ সদস্য প্রয়োজন। সে বিবেচনায় আলহাজ্ব মুফতি আবু তালেব মোঃ সাইফুদ্দিন একজন যোগ্য প্রার্থী। তিনি একজন আলেম, নীতিবান ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি। তাঁকে নির্বাচিত করা হলে শেরপুর-৩ আসনের মানুষ একজন দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ ও জনগণের দুঃখ-কষ্ট বোঝেন-এমন সংসদ সদস্য পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন চরমোনাই পীর। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট প্রদানের আহ্বান জানান। পথসভায় বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্যে ইসলামী আন্দোলনের লক্ষ্য, আদর্শ ও নির্বাচনী কর্মসূচি তুলে ধরেন। সভা শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।"

আপনার জেলার সংবাদ পড়তে