আজ ঢাকার ছয় এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৫৮ এএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৫১ এএম
আজ ঢাকার ছয় এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর
ফাইল ছবি

রাজধানী ঢাকার বাতাসের মান আবারও খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বায়ুদূষণে বিশ্বের শীর্ষ নগরীগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে একিউআই স্কোর ২২৫ থেকে ২৩৬ এর মধ্যে ওঠানামা করেছে, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যমতে, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার গড় বায়ুমান স্কোর ছিল ২২৫। এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। একই সময়ে রাজধানীর অন্তত ছয়টি এলাকায় দূষণের মাত্রা আরও বেশি ছিল, যা নগরবাসীর জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকায় একিউআই স্কোর ছিল ২৮৮। মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় স্কোর দাঁড়ায় ২৭৪। ধানমন্ডিতে ২৫৮, দক্ষিণ পল্লবীতে ২৪৫, বেচারাম দেউড়ীতে ২৩৫ এবং বে’জ এইজ ওয়াটার এলাকায় ২১৫ স্কোর রেকর্ড করা হয়। এসব এলাকার বাতাসকে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হচ্ছে।

তিন সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর শীর্ষ দিকেই অবস্থান করছে ঢাকা। গত ডিসেম্বর মাসজুড়েই রাজধানী ছিল উচ্চ দূষণের কবলে। জানুয়ারিতেও প্রায় প্রতিদিন একই চিত্র দেখা যাচ্ছে। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকায় ধুলাবালি, নির্মাণকাজ এবং যানবাহনের ধোঁয়ার প্রভাব আরও বেশি পড়ছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মানকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরে বের হলে সতর্ক থাকতে বলা হয়।

বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে আইকিউ এয়ার নগরবাসীর জন্য কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের দূষণে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। খোলা জায়গায় ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার কথাও বলা হয়েছে।

ঢাকার বাইরে দেশের অন্যান্য এলাকাতেও বায়ুদূষণ বাড়ছে বলে তথ্য মিলছে। তবে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া কার্যক্রম মূলত ঢাকাকেন্দ্রিক হলেও সেগুলোর কার্যকর ফল এখনও দৃশ্যমান নয়। ফলে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে