বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। তিনি আরও বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিজলা উপজেলার হরিনাথপুর ও বড়জালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে অনুষ্ঠিত উঠান বৈঠক ও পথসভায় তিনি আরো বলেছেন, আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা মানুষের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। শুক্রবার (৩০ জানুয়ারি) হরিনাথপুর ইউনিয়নে নারী ভোটারের অংশগ্রহণে একটি উঠান বৈঠক ও রাতে বড়জালিয়া ইউনিয়নের বাদামতলা বাসস্ট্যান্ডে উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন। এছাড়াও বড়জালিয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় অন্যান্যদের মধ্যে জামায়াতে ইসলামীর হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন, সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মো. খলিলুর রহমান, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।