জাতীয় সংসদ নির্বাচন

লক্ষ্ণীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:০৩ পিএম
লক্ষ্ণীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটকে সামনে রেখে লক্ষ্ণীপুরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৫টি উপজেলায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে লক্ষ্ণীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থাপনাগুলোতে বিজিবির মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স কার্যক্রম শুরু করবে। বিজিবি সূত্র জানায়, জেলার চারটি সংসদীয় আসন ও পাঁচটি উপজেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই ১০ প্লাটুন বিজিবি। মোতায়েনকৃত প্লাটুনসমূহ সেনাবাহিনীসহ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবে এবং গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে দায়িত্ব পালন করবে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ জানান, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে