আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ার সাতটি আসনে ভোটের মাঠ আরও চাঙ্গা করতে নেতাকর্মীদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুধু ভোট চাওয়ায় সীমাবদ্ধ না থেকে সরাসরি ভোটারের কাছে পৌঁছানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বসে থাকার সুযোগ নেই।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি জানান, বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি হলেও এবার আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, বিশেষ করে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে।
মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, “বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে। শুধু ভোট চাইলেই হবে না। বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে।” তিনি আরও বলেন, কেউ কেউ ভাবছেন ভোটারের কাছে না গেলেও জয় আসবে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তা মনে করেন না।
দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা কাজ করবেন।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
মতবিনিময় সভা শেষে তারেক রহমান বগুড়া থেকে সিরাজগঞ্জের পথে রওনা হন। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে বগুড়া-৭ আসনের বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে এক পথসভায় তিনি বক্তব্য দেন। সেখানে তিনি নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের দুঃখ-কষ্ট দেখভালের দায়িত্ব তিনি প্রার্থীকে দিয়ে গেছেন।
পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, “ধানের শীষকে জয়যুক্ত করবেন তো?” এ সময় জনতা হাত তুলে সমস্বরে সাড়া দেয়। তিনি আরও বলেন, নির্বাচনের পর আবারও এলাকায় ফিরবেন এবং দেশের জন্য কাজ করার সুযোগ চান।
এরপর বেলা দেড়টার দিকে শেরপুর শহরের ধুনট মোড়ে আরেকটি পথসভায় বগুড়া-৫ আসনের বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজের জন্য ভোট চান তারেক রহমান। তিনি বলেন, বহু বছর পর ভোটের সুযোগ এসেছে, এই সুযোগ সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।
পথসভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। সেখানে তিনি পরবর্তী নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।