আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় ভোটের মাঠে ব্যাপক সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে।
বাগমারা উপজেলায় এবারে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের তুলনায় বেশি। এই বিশাল ভোটার জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে শুরু থেকেই সুসংগঠিত প্রচারণা কৌশল গ্রহণ করেছে জামায়াতে ইসলামী।
দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে উপজেলা জুড়ে প্রায় ৬৫টিরও বেশি প্রচারণা টিম মাঠে কাজ করছে। এসব টিম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।
প্রচারণায় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলায়। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সঙ্গেও মতবিনিময় করছেন নারী কর্মীরাও। নেতাকর্মীরা জানান, ইসলামী মূল্যবোধ ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মাইকিংয়ের মাধ্যমে প্রার্থীর পরিচিতি ও বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। সময় যত গড়াচ্ছে, ততই সাধারণ মানুষের মধ্যে ডা. আব্দুল বারীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আগ্রহ ও সমর্থন বাড়ছে বলে দাবি করছেন দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী বলেন, “আমি বাগমারার মানুষের কাছে ন্যায়, সততা ও ইনসাফভিত্তিক রাজনীতির আহ্বান জানাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বাগমারার রাজনীতির মাঠে দাঁড়িপাল্লার প্রচারণা ততই দৃশ্যমান ও শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।