মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৪:৫০ পিএম
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান সালাহউদ্দিনের

একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য এবার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সেই সিদ্ধান্তের জায়গা থেকেই ধানের শীষকে বিজয়ী করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) চকরিয়া পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন সালাহউদ্দিন আহমদ। প্রচারণার অষ্টম দিনে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিলে দেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যাতে আর কোনোদিন কেউ আমাদের ভোটাধিকার কিংবা গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ করতে না পারে।”

তিনি আরও বলেন, “একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য আমাদের সবাইকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

গণসংযোগের শুরুতে সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দুপাড়া, আমাইন্নারচর হালকাকারাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান। এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগে চকরিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম হায়দার, সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে