মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি নির্বাচনী কার্যালয়ের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাজীর পাগলা সিতারামপুর এলাকায়, পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ইসলামী শ্রমিক আন্দোলন লৌহজং থানার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং অফিসে টাঙানো বিভিন্ন ফেস্টুন ছিঁড়ে ফেলে। এতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি রিটার্নিং অফিসারকে অবহিত করার পরামর্শও দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ।