মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)। তারা লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকার কান্দিপাড়ার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন লৌহজং আর্মি ক্যাম্পের নেতৃত্বে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।