গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে কাপাসিয়া উপজেলা সদরের ২ নং ওয়ার্ড ঈদগাহ মাঠে এক বিশাল নির্বাচনী জন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কাপাসিয়ার শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা হবে। কাপাসিয়াকে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও মানবিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন।
নির্বাচনী সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান বাবুল, বিএনপি নেতা অ্যাডভোকেট মোঃ আলমাস উদ্দিন, অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান তারেক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর উদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর মাহমুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু, বিএনপি নেতা তৈইয়ুবুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইমতিয়াজ পারভেজ প্রিন্স, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বাবু, সদস্য সচিব মানিক বাদশা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক রিপন, যুবদল নেতা হুমায়ুন কবির, হিরন বাদশা প্রমুখ।
শাহ রিয়াজুল হান্নান তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, হান্নান শাহ পরিবার যুগ যুগ ধরে কাপাসিয়ার উন্নয়নে ভূমিকা রেখে এসেছে। নির্বাচিত হলে মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে। আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আপসহীন থাকবে। সরকার গঠন করতে পারলে কাপাসিয়ায় কৃষির আধুনিকায়ন, পরিবেশবান্ধব শিল্পায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন, যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শেষে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দলমতের উর্ধ্বে উঠে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।