নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সূতা নড়া যাবে না। ভোটে নিরপেক্ষ হতে না পারলে নির্বাচন কমিশন খুব কঠোর হবে। ভোট হচ্ছে উৎসব, তাই বলে কেন্দ্রে বা কেন্দ্রের আশেপেশে জটলা করা যাবেনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেদিকে খুব নজর দিতে হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আজ শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে পিরোজপুরে গঠিত ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা আবু সাঈদ এর সভাপতিত্বে তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যেসব কমিটি গঠন করা হয়েছে সে কমিটি গুলোর মধ্যে সমন্বয় করে নির্বাচন সফল করতে হবে। তিনি নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে বলেন, এবারের নির্বাচন ভাবমূর্তিপূর্ণ নির্বাচন, এ নির্বাচনকে সুন্দরভাবে উঠাতে কমিশন আপনাদেরকে বেছে বেছে নিয়োগ দিয়েছে। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। তিনি গণভোটের বিষয়ে ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সহকারী রিটার্ণিং কর্মকর্তাগণ, জেলা ও উপজেলা নির্বাচন অফিসারগন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাগন এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।