আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীর প্রচারনায় বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদীর নিজস্ব ফেসবুক আইডি থেকে বাঁধা দেওয়ার সময় একটি ফেসবুক লাইভ করা হয়েছে। ওই লাইভে দেখা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় হাতপাখা মার্কার প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়ে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলো। এসময় কয়েকজন যুবক আকস্মিকভাবে হাতপাখা মার্কার প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারনায় বাঁধা প্রদান করেন। এনিয়ে বাঁধা দেওয়া ওই যুবকদের সাথে হাতপাখার সমর্থকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। হাতপাখা মার্কার সমর্থকরা অভিযোগ করে বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের কয়েকজন সমর্থক আমাদের প্রচারনায় বাঁধা প্রদান করেছে। একপর্যায়ে তারা আমাদের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটে যায়। তারা আরও জানান, ইতোমধ্যে ধানের শীষের সমর্থকরা একাধিকবার এ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এমনকি তাদের নির্বাচনী প্রচারনা বাঁধা প্রদান অব্যাহত রেখেছে। এরইমধ্যে আজ (শনিবার) প্রথম আমাদের হাতপাখা মার্কার প্রার্থীর প্রচারনায় বাঁধা প্রদান করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদী বলেন, কোনধরনের বাঁধা কিংবা হুমকি দিয়ে আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবেনা। এ কাজ যারা করতে যাবেন, জনসাধারণের ভালবাসায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের সঠিক জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। এজন্য তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।