কাল যশোর যাচ্ছেন তারেক রহমান

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৮ এএম
কাল যশোর যাচ্ছেন তারেক রহমান
ছবি, সংগৃহিত

প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনায় সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টারযোগে যশোরের জনসভায় যোগ দেবেন।

সোমবার (২ ফ্রেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনি সমাবেশ। তার এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় বইছে সাজ সাজ রব। চলছে প্রচার মিছিল। 

দলীয় সূত্রে জানা গেছে, কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়াও জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ২ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান খুলনায় এক জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে যশোর উপশহর কলেজ মাঠে আসবেন। আমরা দুপুর ১২টা থেকেই জনসভার কার্যক্রম শুরু করব। চেয়ারম্যান মঞ্চে ওঠার আগেই বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির প্রার্থীরা বক্তব্য দেবেন। 

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে